বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ / ৮৯
বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
Spread the love

সীতাকুণ্ড প্রতিনিধি:

সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের প্রতি উৎসাহ বাড়াতে তাদের ফলাফল প্রকাশ এবং মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়। স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি, সীতাকুণ্ড উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার নেলী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশপ্রেমিক নাগরিক। তাদের নৈতিকতা, আদর্শ এবং সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে অসাধারণ কাজ করছে।”

তিনি আরও বলেন, “যেসব ছাত্ররা জাতির জন্য প্রাণ দিয়েছেন এবং এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের দ্রুত আরোগ্যের জন্য আমরা প্রার্থনা করছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম বিএসসি। তিনি বলেন, “বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আদর্শ গড়ার একটি কারখানা। এই স্কুল শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে।”

জার্মান প্রবাসী ওসমান গণি, সিপ্লাস প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মো. মামুনসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের অর্জনকে প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগকে ভবিষ্যতের জন্য আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক আলহাজ মো. আলমগীর হোসেন। সঞ্চালনা করেন আলী আকবর। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানের শেষাংশে বার্ষিক পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকার ব্যক্ত করে।

বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন তার মানসম্পন্ন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের জন্য প্রশংসিত হয়ে আসছে। এ আয়োজন শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবক ও স্থানীয় জনগণের কাছেও প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীদের উন্নতির ধারা অব্যাহত রাখতে স্কুল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

বার আউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেনের এই অনুষ্ঠান সীতাকুণ্ডের শিক্ষাঙ্গনের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

 

Translate »