

চট্টগ্রাম প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ ও মানবসেবায় ব্যাপক কর্মসূচির ঘোষণা দিল লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই-এর ২০২৬-২০২৭ সেবাবর্ষের প্রথম ক্লাব মিটিং বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীর খুলশীর সিএলএফ ভবনের তৃতীয় তলার প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সভা কিছুটা বিলম্বে শুরু হলেও সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, লায়নিজম ও আনুগত্যের শপথ গ্রহণ এবং সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের প্রাক্তন ডাইনামিক সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লায়ন মাইন উদ্দিন মনি।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি ক্লাবের সিগনেচার প্রকল্প ‘আই ক্যাম্প’ বাস্তবায়নের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনাল ঘোষিত ছয়টি কোর এরিয়া, যথাক্রমে ভিশন, হাঙ্গার, ডায়াবেটিস, চাইল্ডহুড ক্যান্সার, হিউম্যানিটারিয়ান সার্ভিস এবং ইয়ুথ উন্নয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী ক্যাম্পেইন, কিশোর গ্যাং প্রতিরোধ কর্মসূচি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি ম্যারাথন আয়োজনের প্রস্তাব দেন।
সভায় আগামী এক মাসের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সদস্যদের বকেয়া ডিউস দ্রুত পরিশোধের আহ্বান জানানো হয়।

মুক্ত আলোচনায় ট্রেজারার লায়ন রায়হান, সেক্রেটারি লায়ন রুহি মোস্তফা, লায়ন সাঈদা ফাহমিন, সিনিয়র লায়ন মঈন উদ্দিন, সিনিয়র লায়ন ইলিয়াছ সিরাজী এবং লায়ন অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু বক্তব্য রাখেন। বক্তারা প্রতি মাসে নিয়মিত ক্লাব মিটিং আয়োজন, সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা, যোগ্য ও স্বপ্রণোদিত নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সদস্যসংখ্যা বৃদ্ধি, দ্রুত হ্যান্ডওভার-টেকওভার অনুষ্ঠান আয়োজন এবং ফ্যামিলি নাইট, ফ্যামিলি পিকনিক ও চার্টার নাইট উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
ক্লাব ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল তাঁর বক্তব্যে ক্লাবের গৌরবময় ঐতিহ্য তুলে ধরে চলতি সেবাবর্ষে অন্তত ১০টি আই ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন। এর মধ্যে একটি মিরসরাই পৌরসভা এবং একটি বারৈয়ারহাট পৌরসভায় আয়োজনের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি দ্রুত সার্ভিস ক্যালেন্ডার প্রকাশের তাগিদ দেন।

সিনিয়র লায়ন ও ক্লাব ডিরেক্টর লায়ন তাহের আহমেদ পূর্ববর্তী বক্তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ভবিষ্যতে নির্ধারিত সময় অনুযায়ী সভা শুরু ও শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভার শেষে ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল সেবামূলক কর্মসূচিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :