১২ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন , প্রার্থী পরিচিতি সম্পন্ন।


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন / ২৫৬
১২ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন , প্রার্থী পরিচিতি সম্পন্ন।

 

ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে আজ নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভা আইনজীবী অডিটোরিয়ামে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধান নির্বাচন কমিশনার বাবু রতন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন নির্বাচন কমিশনার মোঃ সেকান্দর বাদশা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অপরাপর কমিশনারবৃন্দ যথাক্রমে মোঃ ফখরুদ্দিন চৌধুরী, মোঃ মুজিবুর রহমান খান ও সৈয়দ আনোয়ার হোসেন।

 

পরিচিতি সভায় বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী মনতোষ বড়–য়া ও মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী জনাব এ. এস. এম. বজলুর রশিদ মিন্টু ও মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ইমরান ও মোঃ কাশেম কামাল। বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে অডিটোরিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রধান নির্বাচন কমিশনার বাবু রতন কুমার রায় বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আইনজীবী সমিতি। এখানে নির্বাচনে চমৎকার ভাবে গণতান্ত্রিক চর্চা হয়। নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভায় একই মঞ্চ থেকে প্রার্থীরা তাদের কর্মসূচী উপস্থাপন করে বক্তব্য রাখেন। এটি একটি অনন্য আয়োজন। নির্বাচনী প্রচারনায় গণতান্ত্রিক চর্চা ও আচরণ লক্ষনীয়। একটি উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়। নির্বাচনে একটি আচরণ বিধি আছে। নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারে। তিনি একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।