হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন / ১৫১
হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ আগস্ট) বিকেলে রূপগঞ্জ আমলি আদালত-৩ এর বিচারক কাজী মহসিন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ। তিনি জানান, আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মামলার বাদী জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।