
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি ভেসে আসে। অন্তত ২ দিন আগে ডলফিনটি সাগরে মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।
গঙ্গামতি এলাকার রাজা হাওলাদার জানান, মৃত ডলফিনটির গায়ের রং তেমন পরিবর্তন না হলেও ইতোমধ্যে পেট ফেটে গেছে এবং মাছধরা জালে প্যাঁচানো ছিল। তার মতে, জেলেদের জালে জড়িয়ে ডলফিনটির মৃত্যু হয়।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে তাদের একটি টিম পাঠিয়ে মৃত ডলফিনটি বালুচাপা দেওয়া হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির পরিসংখ্যান অনুযায়ী, এটি নিয়ে সৈকতে চলতি বছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে আসে।
এদিকে বারবার ডলফিন মৃত্যুর কারণে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ আইনবিদ সমিতির স্থানীয় দায়িত্বশীলরা।
আপনার মতামত লিখুন :