চৌহালীতে অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শনে অতিরিক্ত প্রকৌশলী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৩:২১ অপরাহ্ন / ৫০১
চৌহালীতে অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শনে অতিরিক্ত প্রকৌশলী

দাউদ রানা :

২০১৪ সালে যমুনার ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নদী গর্ভে বিলীন হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা অফিস করছেন চৌহালী সরকারি কলেজের ভাড়া করা কক্ষে। এতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে সেবা গ্রহীতা ও প্রদানকারীদের। এদিকে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত ৬ একর জমিতে ভবন নির্মানের প্রশাসনিক অনুমোদন হলেও অজ্ঞাত কারণে শুরু হচ্ছে না নির্মাণ কাজ। এছাড়া থানা পুলিশের নিজস্ব ভবন না থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা যায়, ১৯৮৪ সালে যমুনা নদীর সাড়ে পাঁচ কিলোমিটার অদূরে প্রায় ২২ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন। অনন্য স্থাপত্য নির্মানশৈলী দ্বারা নির্মীত দুটি সু-বিশাল দ্বিতল ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ অন্য সকল কর্মকর্তার কার্যালয় ছিল। পরিকল্পিত ভাবে নির্মিত উপজেলা হেডকোয়ার্টার সংলগ্ন ছিল থানা পুলিশের ভবন, খাদ্য গুদাম ও উপজেলা সদর হাসপাতাল। গুরুত্বপূর্ণ কাজে চরাঞ্চল থেকে আগতদের এক অফিস থেকে অন্য অফিসে যেতে সময় লাগত মাত্র ৫ থেকে ৭ মিনিট। কোন পরিবহনের প্রয়োজন হতো না। সহজেই সকল কাজ সম্পুর্ণ করে বাড়ি ফিরতে পারত সাধারণ মানুষ। সভা-সেমিনারের জন্য আধুনিক সুবিধা সম্পন্ন ছিল অডিটোরিয়াম। ছিল সু-বিশাল খেলার মাঠ, প্রধান ঈদগাহ ময়দান, ডাক বাংলো ও প্রয়োজনীয় সংখ্যক আবাসিক কোয়ার্টার। জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সেবা প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকত উপজেলা সদর। এছাড়া অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাসহ ছিল সবুজের সমারেহ, সবমিলে অত্যন্ত সাজানো গোছানো ও মনোরম পরিবেশ ছিল চৌহালী উপজেলা প্রধান কার্যালয়ের। কিন্তু বিগত ২০১৪ সালে যমুনার ক্রমাগত ভাঙনে বিলীন হতে থাকে উপজেলা সদরের আশ-পাশের এলাকার বসত-ভিটা, বিভিন্ন বেসরকারি আর্থিক ও এনজিও প্রতিষ্ঠান। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড থেকে ১২০ কোটি টাকা বরাদ্দ দিলে চৌহালীর সদর সহ খাষপুখুরিয়া ইউনিয়ন ভাঙ্গন থেকে স্থায়ী রক্ষা পায়। এ দিকে শনিবার সকালে পুনরায় উপজেলা পরিষদ নির্মাণের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শনে আসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ জলবায়ু, মাহাবুব আলম প্রকল্প পরিচালক উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প , মোঃ শফিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী এলজিইডি সিরাজগঞ্জ, মোঃ সাবের আলী, সিনিয়র এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এলজিইডি সিরাজগঞ্জ, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ , উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।