

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে; চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গ্রাম আদালতের দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫, উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. ফখরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার।
সভায় জানানো হয়, তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সরকার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ-এর সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সভাপতি তার বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালতের মামলা গ্রহণ, নথি সংরক্ষণ ও বিচারিক কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা পালন করেন।”
সভায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও পেন্ডিং মামলার চিত্র তুলে ধরা হয়। এছাড়া, প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে বিদ্যমান চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “গ্রামের মানুষ যাতে বিচারিক সেবা পেতে কোনো অসুবিধায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। সরকারি ভাতা প্রাপ্ত ইউপি সদস্যদের নিয়মিত মামলা গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করতে হবে।”
সভায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং ২টি ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :