

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার বাদ আছর চট্টগ্রামের প্রগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা যৌথভাবে ফিতা কেটে কোচিং সেন্টারের উদ্বোধন করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক আরাফাত হোসেন ফাহিম, এবং সঞ্চালনায় ছিলেন কামাল উদ্দিন দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি সকিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন “প্রগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টার শুধুমাত্র শিক্ষার মানোন্নয়ন নয়, শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মাইলফলক। আমি এর সাফল্যের জন্য শুভকামনা জানাই।”
সকিনা বেগম বলেন “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টার তাদের জীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। এটি এলাকার শিক্ষার প্রসারে যুগান্তকারী ভূমিকা রাখবে।”
জান্নাতুল ফেরদৌস বলেন “এই কোচিং সেন্টার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হয়ে উঠবে। শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”
পরিচালক আরাফাত হোসেন ফাহিম বলেন “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলে সফল করা নয়, বরং তাদের দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করা। আমরা প্রগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টারকে শিক্ষার একটি অনন্য মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

অনুষ্ঠানের শেষে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে র্যাফেল ড্র এর মাধ্যমে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা প্রগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টারের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন এবং এর সার্বিক সাফল্যের জন্য শুভকামনা জানান।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রগ্রেসিভ পয়েন্ট কোচিং সেন্টার শিক্ষার্থীদের সাফল্যের জন্য নিবেদিত থেকে কাজ করে যাবে এবং তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
আপনার মতামত লিখুন :