দৈনিক সাঙ্গুর আইন সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলুর এড-হক কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ / ৫৪৯
দৈনিক সাঙ্গুর আইন সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলুর এড-হক কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ
Spread the love

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবগঠিত অ্যাড-হক কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক সাঙ্গুর আইন সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আইনজীবী সমিতির নির্বাচন পরিস্থিতি, সমিতির আর্থিক ব্যবস্থাপনা, নন প্যাকটিশনার বিষয় এবং আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম,অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেনের সাথে অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সমিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

আলোচনার একপর্যায়ে নবগঠিত কমিটি সমিতির আর্থিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেয়। কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শামসুল আলম জানান, বিগত সময়ে বিভিন্ন দুর্বল ব্যাংকে সমিতির অর্থ এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) করে রাখা হয়েছিল। এসব ব্যাংকের মধ্যে এসআইবিএল, ইউনিয়ন ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের ডাকা হয় এবং তাদের মধ্যে থেকে একটি ব্যাংক থেকে ইন্টারেস্ট সহ প্রায় ৯১ লক্ষ টাকার অধিক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, সমিতির অর্থ সুরক্ষিত রাখার জন্য ভবিষ্যতে আরও কঠোর আর্থিক নীতি গ্রহণ করা হবে

অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন জানান, যেসব আইনজীবী সমিতির সদস্য হয়েও নিয়মিত আইনপেশায় সক্রিয় নন এবং বিভিন্ন ব্যাংক, বীমা, সরকারি ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদের বিষয়ে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ইতিমধ্যে সমিতির পক্ষ থেকে ৪০ নন-প্যাকটিশনার আইনজীবীকে সমিতির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এ সময় অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলু বলেন, “চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নতুন কমিটি যেন নিরপেক্ষতা বজায় রেখে গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করে, সেটাই সকলের প্রত্যাশা।”

অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী বলেন, “আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আইনজীবীদের আস্থা ফেরাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, সমিতির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

সাক্ষাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য সিনিয়র আইনজীবীরাও উপস্থিত ছিলেন। আলোচনায় আইনজীবী সমাজের ঐক্য, সমিতির সুষ্ঠু পরিচালনা, আর্থিক স্বচ্ছতা এবং সদস্যপদ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা, আর্থিক ব্যবস্থাপনার সমস্যাগুলো এবং সদস্যপদ সংক্রান্ত জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।

Translate »