এ শহরে থাকা


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ণ / ২৮১
এ শহরে থাকা
Spread the love

এ শহরে থাকা
গোলাম কবির

এ শহরে থাকা
এক একটা দিন মানে বিষণ্ণতার
অতল অন্ধকারে ডুবে থাকা!

এ শহরে থাকা
এক একটা রাত যেনো
ভয়াবহ যুদ্ধে নিহত সৈনিকের
লাশের কফিনে শুয়ে শুয়ে
অন্তিম গন্তব্যে ফেরার অপেক্ষায় থাকা!

এ শহরে থাকা
এক একটা সকাল মানে
লাশকাটা ঠাণ্ডা ঘরের মধ্যে হঠাৎ করেই
কোনো শিশুর ঢুকে পড়ে
ভয়ার্ত আর্তনাদ করে ওঠা!

এ শহরে থাকা
এক একটা দুপুর মানে
চৈত্রের তপ্ত দিনে ক্ষুধার্ত কুকুরের সাথে
ছিন্নমূল মানুষের কোনো চায়নিজ রেস্তরার
পাশে থাকা ডাষ্টবিনের সামনে বসে থেকে
ফেলে দেয়া খাবারের দিকে
লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা!

এ শহরে থাকা
এক একটা সন্ধ্যা মানে
কাজ শেষে কারখানার শ্রমিকের
ক্লান্ত পায়ে পায়ে হেঁটে চলার
প্রলম্বিত মৌন মিছিল!

Translate »