এসআই পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ / ৩০৫
এসআই পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ
Spread the love

রংপুরের হারাগাছ উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ভুয়া এসআইকে (উপপরিদর্শক) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার বানুপাড়া কলেজ মাঠ থেকে পুলিশের এসআই পরিচয় দেওয়া ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল রানা (২৭)।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে সোহেল রানার প্রায় দুই বছর আগে মুঠোফোনে পরিচয় হয়। ওই সময় নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন তিনি। বিভিন্ন সময়ে মুঠোফোনে কথা বলার একপর্যায়ে সোহেল রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের সূত্র ধরে মুঠোফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে ভুক্তভোগীর অশ্লীল ভিডিও ধারণ করে সোহেল। এরপর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

এদিকে গত ২৬ সেপ্টেম্বর সোহেল হাতীবান্ধা থেকে হারাগাছে আসেন। গত সোমবার (৩ অক্টোবর) রাতে ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন তার চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেল রানাকে আটক করেন। পরে ঘটনাটি জানাজানি হলে হারাগাছ পৌরসভার কাউন্সিলরের পরামর্শে আটক সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে হারাগাছ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুজ্জামান কবির বলেন, আটককৃত সোহেল নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়েছিলেন কি না, তা তদন্তে জানা যাবে। সোহেলকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে মঙ্গলবার রাতেই ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

Translate »