

কাইয়ুম চৌধুরী:
জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় কিং অব কুমিরা কমিউনিটি সেন্টারে এক প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং ক্ষমতায়ন—সবকিছুর উপর দৃষ্টি রেখে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীদের ভিড়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, থানা বিএনপি সদস্য সামসুদ্দোহার, থানা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম সহ আরও অনেকে। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম।

বক্তব্যে কাজী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতি হিসেবে সামনে আনেন। তিনি মহিলা বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন এবং ১৯ দফা কর্মসূচিতে নারীর উন্নয়নকে অগ্রাধিকার দেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বিনা বেতনে শিক্ষা, শিক্ষা উপবৃত্তি, নারীদের ফ্যামিলি কার্ড, এসএমই ঋণ, কর্মসংস্থান এবং রাজনৈতিক ক্ষমতায়নে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন।
আগামী দিনের লক্ষ্য নিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণ আরও শক্তভাবে নিশ্চিত করা হবে। নারীই সমাজকে এগিয়ে নিয়ে যায়—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করতে চাই।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নারীর অধিকার ও সহায়তা বাড়াতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :