ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস দ্বৈরথে নায়ক হার্দিক পান্ডিয়া


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ণ / ২৮৯
ভারত-পাকিস্তানের রুদ্ধশ্বাস দ্বৈরথে নায়ক হার্দিক পান্ডিয়া
Spread the love

এই না হলে ভারত-পাকিস্তান ম্যাচ! টানটান উত্তেজনা। শেষ ওভার পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই। বিনোদনের সব পসরা সাজিয়ে যেন বসেছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

রোমাঞ্চকর সে লড়াইয়ে শেষ হাসি হাসলো ভারত। ছক্কা মেরে ম্যাচ জেতালেন হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নায়ক হয়ে রইলেন এই অলরাউন্ডার।

শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ইনিংসের ১৯তম ওভারটিই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই ওভারে রউফকে তিনটি বাউন্ডারি হাঁকান হার্দিক। ফলে শেষ ওভারে ভারতের দরকার পড়ে মাত্র ৭ রান।

মোহাম্মদ নেওয়াজ শেষ ওভার করতে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে (২৯ বলে ৩৫) বোল্ড করে দিলে আবারও নড়েচড়ে বসেন পাকিস্তানি সমর্থকরা। তবে নেওয়াজ পরের দুই বলে দেন মাত্র ১ রান। চাপে পড়ে ভারত।

শেষ ৩ বলে ভারতের দরকার ছিল ৬ রান। একটি-দুটি বল ডট হলেই ম্যাচ ঘুরে যেতো পাকিস্তানের দিকে। তবে সেই সুযোগ দিলেন না হার্দিক পান্ডিয়া। দুই বল হাতে থাকতেই বিশাল এক ছক্কা মেরে শেষ করে দিলেন ম্যাচ।

১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন হার্দিক। এর আগে বল হাতেও ২৫ রানে নিয়েছিলেন ৩ উইকেট। ফলে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে ভারতীয় এই অলরাউন্ডারেরই হাতে।

Translate »