

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও তাদের বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত শরীফের প্রতিবেশী আমানত খাঁর ছেলে জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তবে তারা পলাতক আছেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আমানত খাঁ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে মামলার পাঁচ আসামি জাকির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ, আমানত খাঁ ও আমির খাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে আমির খাঁ মারা গেছেন। মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহমেদ তুরান।
তবে রায়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাহপরান চৌধুরী।
আপনার মতামত লিখুন :