সীতাকুণ্ডে বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ: সাংবাদিক পরিচয়ে অপকর্মকারীর বিরুদ্ধে দলীয় ঐক্যের দৃপ্ত ঘোষণা


প্রকাশের সময় : মে ১০, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ / ২৬৯
সীতাকুণ্ডে বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ: সাংবাদিক পরিচয়ে অপকর্মকারীর বিরুদ্ধে দলীয় ঐক্যের দৃপ্ত ঘোষণা
Spread the love

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাহউদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে অপপ্রচার চালানো ও মিথ্যা জিডি দায়েরের প্রতিবাদে সীতাকুণ্ডে এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স রুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়, যেখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও উত্তর জেলা বিএনপির সদস্য সামছুল আলম আযাদ।
বক্তারা অভিযোগ করেন, জনৈক জহির নামে এক ব্যক্তি সীতাকুণ্ড প্রেস ক্লাবের নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে একটি অনির্ভরযোগ্য অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে কাজী সালাহউদ্দিনসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে দলকে দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

কাজী সালাহউদ্দিন বলেন, বিএনপি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রে বিশ্বাসী। অথচ একটি সুবিধাবাদী চক্র ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অপসাংবাদিকতা করে দলীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টায় লিপ্ত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকতার আড়ালে অপকর্মে জড়িত জহির ও তার চক্র অপতৎপরতা বন্ধ না করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি বদরুল আলম বদরুল, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, পৌর বিএনপির সদস্য সচিব ও উত্তর জেলা বিএনপি সদস্য ছালে আহমদ সলু, ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম, মোঃ রাসেল, আকবর হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, খোরশেদ আলম মেম্বার, এক নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আইনুল কামাল, মোঃ রবিউল হক, নুরনবী সালাম, মোঃ বাবুল, সীতাকুণ্ড পৌর বিএনপি সদস্য মোঃ আলীসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে জনৈক জহিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর সদর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Translate »