

— সীতাকুণ্ড যুবদলের মশাল মিছিল ছিল আওয়ামী ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনের আওতাধীন ২ নং বারৈয়াঢালা ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং সরকারের ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে যুবদলের উদ্যোগে ১২ নভেম্বর ২০২৫ ইং সন্ধ্যায় একটি শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
কিন্তু দুঃখজনকভাবে দৈনিক আমার দেশ পত্রিকায় “কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ করেছে বিএনপি মিডিয়া সেল।
বিএনপি’র মিডিয়া ও নির্বাচন সেলের প্রধান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু এক প্রতিবাদী বিজ্ঞপ্তিতে বলেন, উক্ত মশাল মিছিলের সঙ্গে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহারের দাবির কোনো সম্পর্ক নেই। এটি ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চলমান দমননীতি, সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রপ্রেমী যুবকদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি।
তিনি আরও অভিযোগ করেন, আমার দেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে সংবাদটি বিকৃতভাবে প্রকাশ করেছেন। উক্ত প্রতিবেদক পূর্বেও একই ধরনের পক্ষপাতদুষ্ট সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন, যার মধ্যে Icon Aslam Chowdhury FCA নামে একটি ফেসবুক আইডি থেকেও নিয়মিত মিথ্যা প্রচার হচ্ছে।
প্রতিবাদপত্রে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে—১. বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২. সংশ্লিষ্ট প্রতিবেদক মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ৩. ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবাদী বিজ্ঞপ্তিতে বলা হয়, আমার দেশ পত্রিকা যেন সত্য, ন্যায় ও পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখে এবং রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে।
আপনার মতামত লিখুন :