জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর বাউফলে কবুতর মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ।
বৃহস্পতিবার উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন মো. লিটন হাওলাদার (৪৫) ও তার ছেলে মোঃ রিপন (১৮)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চাঁদকাঠী গ্রামের লিটন হাওলাদারের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী রফিক মৃধার সাথে লিটন হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকাল সাতটার দিকে লিটন হাওলাদের কয়েকটি কবুতর রফিক মৃধার ঘরের টিনের চালায় গিয়ে বসে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে দুটি কবুতর মেরে ফেলেন। এ নিয়ে লিটন হাওলাদের সঙ্গে রফিক মৃধার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক মৃধার নেতৃত্বে ৩-৪ জন লিটন হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বাবার চিৎকার শুনে ছেলে রিপন এগিয়ে গেলে তাঁকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।
স্থানীয় লোকজন লিটন ও রিপনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এ ব্যাপারে আহত লিটনের স্ত্রী শাহিনা বেগম(৩৫) বলেন, সকালে টিউবওয়েলের পানি আনতে গেলে রফিক গংরা আমার পথ রোধ করে ও অশ্লীল ভাষায় গালমন্দ করে আমি বলি কেন তোমরা এরকম কর পথ ছাড় তখন তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে শুরু করে আমার কপালে লাঠি দিয়ে আঘাত করে তাই দেখে আমার স্বামী এগিয়ে আসলে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আমার ছেলে আসলে তাকেও তারা পিটিয়ে আহত করে।
তবে অভিযুক্ত রফিক মৃধা ওই ঘটনার সঙ্গে জড়িত না বলে দাবি করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, 'বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।