নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের গ্রিনভিউ আবাসিক এলাকার ৫ নম্বর রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবার সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে বসতঘর ও মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। এই দুঃসময়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে গ্রীনভিউ আবাসিক কল্যাণ সমিতি। দুর্ঘটনার পরপরই সমিতির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও খাবার সহায়তা প্রদান করেন।
গ্রিনভিউ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সেলিম চিশতী ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন। এছাড়া, দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য রাতের খাবারের ব্যবস্থাও করা হয়।
সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এডভোকেট সুলতান মোহাম্মদ অহিদ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ জমির আলী নয়ন, মোঃ শফিকুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন মিস্টার, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ এরশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে এডভোকেট সুলতান মোহাম্মদ অহিদ বলেন,"আমরা বিশ্বাস করি, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কঠিন সময় পার করছে। তাই তাদের সাময়িক কষ্ট লাঘবে আমরা যতটুকু সম্ভব সহায়তা করেছি। তবে শুধু আর্থিক অনুদানই যথেষ্ট নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া দরকার। আমরা চাই, সরকার ও অন্যান্য সমাজসেবী সংস্থাগুলোও এগিয়ে আসুক এবং এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াক।
এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা গ্রীনভিউ আবাসিক কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আরও সহযোগিতা আসবে এবং অন্য সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিরাও সহায়তার হাত বাড়িয়ে দেবেন।
স্থানীয়রা আরও জানান, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফায়ার সেফটি ব্যবস্থা আরও জোরদার করা উচিত। গ্রিনভিউ আবাসিক এলাকার নিরাপত্তা বাড়াতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে এলাকায় ফায়ার এক্সটিংগুইশার ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
এলাকাবাসী আশাবাদী, গ্রীনভিউ আবাসিক কল্যাণ সমিতি ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।