

চট্টগ্রাম আদালত প্রতিবেদক:
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১০-এ ফটিকছড়ির অস্ত্র মামলায় তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ফটিকছড়ি থানার খিরাম বার্মাছড়ি সড়কে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা আসামিদের আটক করে এবং তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করে আর্মি ক্যাম্পে হস্তান্তর করে। পরে ফটিকছড়ি থানার এসআই মো. আলতাফ হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আসামিদের থানায় নিয়ে আসেন এবং অস্ত্রগুলো জব্দ করেন।
মামলাটি ২০১০ সালে প্রথমে স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এ বিচারাধীন ছিল। ওই আদালতে ২০১১ সালের ১৮ এপ্রিল মামলার অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালতে স্থানান্তরিত হয় এবং বর্তমানে স্পেশাল ট্রাইব্যুনাল-১০ হিসেবে এই আদালতে চূড়ান্ত রায় দেওয়া হয়।
আদালত নির্মল চাকমা, মদন কুমার ত্রিপুরা এবং বকুল ত্রিপুরাকে অস্ত্র আইনের ১৯(১) ও ১৯(এ) ধারায় দোষী সাব্যস্ত করে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি চান কুমার ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
মামলায় ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকরেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, তিনি রায় ঘোষণার পর বলেন, “এই রায় আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে এ ধরনের রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”
তাকে সহযোগিতা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. ফরিদুল ইসলাম ও এডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :